নোংরাভাবে ইসিকে ব্যবহার করছে সরকার: রিজভী

সরকার ‘নোংরাভাবে’ নির্বাচন কমিশনকে (ইসি) ‘ব্যবহার করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আইন, আদালত ও প্রশাসনকে সম্পূর্ণরূপে গ্রাস করার পরে কব্জার মধ্যে থাকা নির্বাচন কমিশনকে একেবারে গিলে ফেলেছে সরকার। এখন নোংরাভাবে ইসিকে ব্যবহার করা হচ্ছে। কারণ ইসির কতিপয় কর্মকর্তা সেই সুযোগ করে দিয়েছে।’
সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতার পাহাড়ি ঢলের মতো ধেয়ে চলেছে— এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, রোববারও ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ, ফেনী, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অর্ধশতাধিক নেতাকর্মীকে বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ।
পুলিশের ‘বেপরোয়া আচরণ ও হয়রানিতে’ আবারো ‘ফেনী মার্কা’ নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে— এমন মন্তব্য করেন রিজভী বলেন, ‘স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের মধ্যে কারা সরকার দলের সমর্থক, কারা বিরোধীদলের সমর্থক তাদের তালিকা করা হচ্ছে। বিরোধীমতের সমর্থক হলে তাদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে, গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোবাইলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের প্রকাশ্য ও গোপন হুমকিতে দেশজুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
