বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।।

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জন্মের পর থেকে বেশিরভাগ সময়ই গেছে লড়াই-সংগ্রামে। হত্যা, ক্যু, ষড়যন্ত্র সবই দেখেছে দলটি। ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা করা আওয়ামী লীগ ৭১ বছর পূর্ণ করল মঙ্গলবার।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে তা শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে। পরবর্তীকালে দেশের অন্যতম প্রাচীন এই দল প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। প্রতিষ্ঠার শুরুতে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। ১৯৫২–এর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯–এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সব অর্জনই হয়েছে এই দলের নেতৃত্বে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে কাজ শুরু অগ্রভাগেও ছিলেন আওয়ামী লীগেরই নেতাকর্মীরা।
কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এ ভাইরাস দেশে প্রথম শনাক্ত হওয়ার পর থেকেই জনসমাগমের সকল কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
বিকেলে থাকছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতের কর্মসূচি।
