ভোলার চর ইলিশায় দুর্বৃত্তদের হামলায় সোহাগ গুরুতর আহত।

ভোলা প্রতিনিধি:
ভোলার সদর উপজেলার চর ইলিশা ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় সোহাগ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি দুর্বৃত্তরা কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবার ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ ২০২৬, বিকেল আনুমানিক ৫টার দিকে, চর ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ভূমিদস্য মোঃ সাইফুল ও তার পিতা আব্দুল লতিফ সাইফুলের স্ত্রী উম্মে কুলসুম সরভী ও রুহুল আমিন সহ অজ্ঞত নামা আরো কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোহাগ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করা হয়।
হামলার সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সোহাগকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় আহতের মা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
