করোনায় আক্রান্ত ভোলা জেলা জজকে হেলিকপ্টার যোগে ঢাকা প্রেরন।।

স্টাফ রিপোর্টার।।
করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হয়েছে বলে রোববার (২১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে।
তিনি বলেন, তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি মাহমুদুল হককে দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে।
এবিএম মাহমুদুল হক গত ১২ জুন করোনাভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।তবে গত ২০ই জুন ২০২০ ইং তারিখে তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন ড.রতন কুমার ঢালী।
